গাজীপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ঘ, নিহত ১
গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে বাসের সঙ্গে সংঘর্ষে এক মাইক্রোবাস চালক নিহত হয়েছেন, আহত হন দুই গাড়ির অন্তত ১০ যাত্রী।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ভাওয়াল জাতীয় উদ্যানের ৬ নম্বর গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গিয়াস উদ্দিনের (৩০) বাড়ি ফরিদপুর সদর উপজেলার তোলাগ্রাম গ্রামে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী শিখা-সৈকত পরিবহনের একটি বাস ও ময়মনসিংহগামী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রো চালক নিহত হন।
ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাস দুটি পুলিশের হেফাজতে রয়েছে।
