পাবনায় দুই বাসের সংঘর্ষে আহত ৪০
পাবনার সুজানগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে।
সুজানগর থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে চিনাখড়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৫ জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়-সাত জনের অবস্থা আশঙ্কাজনক।
ওসি হাবিবুর বলেন, পাবনার বেড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিয়াম পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এম এস এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর সিয়াম পরিবহনের বাসটি আরেকটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়।
সিয়াম পরিবহনের যাত্রী ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান জিয়া বলেন, “আমি সিয়াম পরিবহনে ছিলাম।হঠাৎ বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জগামী এমএস এক্সপ্রেস নামের একটি পরিবহন আমাদের গাড়িতে ধাক্কা দেয়।”
বাসের পেছনে থাকায় আহত হননি জানিয়ে তিনি আরো বলেন, “দুই বাসেরই যাত্রীরা আহত হয়েছে। আমি সাত-আট জনকে গুরুতর অবস্থায় পাবনা সদর হাসপাতালে নিয়ে এসেছি।”
