ফেইসবুকে প্রশ্ন: মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ফেইসবুকে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ থেকে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রাসেল সরদার (২৮) সদর উপজেলার আধারা দারুল সুন্নত মাদ্রাসার শিক্ষক এবং স্থানীয় একটি কোচিং সেন্টারের সঙ্গে জড়িত।
তিনি আধারা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোরে আধারা গ্রামের নিজ বাড়ি থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে।
"গ্রেপ্তারের পর এ মাদ্রাসা শিক্ষক পুলিশের কাছে দাবি করেছেন, হাতে লেখা গণিত পরীক্ষার সাজেশনের ছবি ফেইসবুকে আপলোড করেছেন মাত্র।"
চলমান জেএসসি ও জেডিসি পরীক্ষায় রোববার নেওয়া হচ্ছে গণিত বিষয়ের পরীক্ষা। তবে ফেইসবুকে রাসেলের ছড়িয়ে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে যে প্রশ্নে পরীক্ষা হচ্ছে তার মিল নেই।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, "পরীক্ষার্থীদের বিভ্রান্তিতে ফেলাসহ এই অপতৎপরতা গুরুতর অপরাধ। সে অনুযায়ী ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, "প্রশ্নপত্র ফাঁস বা বিভ্রান্তি জনিত অপতৎপরতার সঙ্গে জড়িত থাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করা হয়। এ ধরনের কাজে জড়িত অন্যদেরও বের করার চেষ্টা চলছে।"
