২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেইলি রোডের প্রাথমিক বিদ্যালয়টিতে রাশেদা কে চৌধুরী

ভূমির মালিকানা নিয়ে বিরোধের জেরে ভেঙে দেয়া রাজধানীর ‘সামাজিক শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়’কে ফিরিয়ে দিতে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 12:36 AM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

বেইলি রোডের সেই স্কুলটি আবার হচ্ছে
বেইলি রোডের স্কুল: সিদ্ধান্ত পূর্ণাঙ্গ বেঞ্চে

শনিবার বেইলী রোডে বিদ্যালয়টির ভঙ্গুর অবকাঠামো পরিদর্শনে গিয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি বলেন, “সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে ইতোমধ্যে বিদ্যালয়টিতে পাঠদানের বাধা দূর হয়েছে।

“অতি দরিদ্র এসব শিশুরা যাতে কোনো অবস্থাতেই পড়াশোনা থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার ও সর্বোচ্চ আদালতের সুদৃষ্টি কামনা করছি।”

বিদ্যালয়টির ভূমির মালিকানা নিয়ে সরকার ও বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সঙ্গে কয়েক দশক ধরে বিরোধ চলছিল। সর্বশেষ গত জুলাইয়ে হাই কোর্টের আদেশ পেয়ে বিদ্যালয়ের অবকাঠামো ভেঙ্গে দেয় গার্লস গাইড কর্তৃপক্ষ।

শিক্ষার্থীরা দীর্ঘদিন খোলা আকাশের নিচে ক্লাস করার পর অক্টোবরের শেষ দিকে সর্বোচ্চ আদালত হাই কোর্টের আগের আদেশ স্থগিত করলে নির্বিগ্নে ক্লাস করার সুযোগ পায় তারা।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, “উচ্চ আদালতে বিষয়টির চূড়ান্ত নিস্পত্তির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

এছাড়া বিদ্যালয়টির জন্য নতুন ভবন নির্মাণ করে পড়াশোনার পরিবেশ আবার ফিরিয়ে দিতে আদালতের নির্দেশনা চেয়ে তিনি বলেন, “এই বিদ্যালয়কে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হউক। আশা করছি, মহামান্য আদালত যথাযত দিক নির্দেশনা দেবেন।”

এইদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় চারপাশ খোলা একটি টিনসেডে দুই পাশেই ভাঙ্গা ইট আর সুরকির স্তুপ। অনুমান পাঁচ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থ ওই ওই টিনের ঘরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনের চার পাশে ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ভিড় করছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, শহরের একেবারেই অসচ্ছল পারিবারের সন্তান এসব শিশু। বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে পেতে শিক্ষকদের পাশাপাশি তারাও এগিয়ে এসে সাংবাদিকদের সহযোগিতা চায়।  

সংবাদ সম্মেলনে সামাজিক শিক্ষাকেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষা কমিটির সভাপতি নাদিম চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরাসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।