‘উনারা কি নাকে তেল দিয়ে ঘুমান’
“সরকারের বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা কি নাকে তেল দিয়ে ঘুমান? তারা তো জনগণের পয়সায়ই বেতন, বাড়ি ভাড়া, গাড়ির খরচ নেন, না তারা নিজেরাও বিষযুক্ত খাদ্যে সংক্রমিত হয়ে গেছেন?”
খাদ্যে ভেজাল রোধ নিয়ে একটি আলোচনা সভায় অংশ নিয়ে এভাবে ক্ষোভ জানিয়েছেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক।
পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা আয়োজিত ‘বিষমুক্ত খাদ্য নিশ্চিতকরণ: গৃহীত ব্যবস্থা ও করণীয়’ শীর্ষক ওই আলোচনায় খাদ্যে ভেজাল রোধে গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে নিজের এলাকার সাংসদকে চিঠি লিখবেন বলে জানান সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।
একই পদক্ষেপ নিতে অন্যদের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
ফাইল ছবি
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সেমিনার হলে শনিবার এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন বিচারপতি এটিএম ফজলে কবির ও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘পবা’র নির্বাহী সম্পাদক আবদুস সোবহান।
নির্ধারিত আলোচক হিসাবে আলোচনা করেন অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব, বিষমুক্ত খাদ্য আন্দোলনের সদস্য সচিব ডা. লেনিন চৌধুরী।
প্রবন্ধে বলা হয়, “জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং খাদ্য নিরাপত্তা গবেষণাগারে এ বছরের এপ্রিল মাসে যৌথ পরীক্ষায় রাজধানীর ৮২টি দুগ্ধজাত পণ্য, মাছ, ফল ও শাক-সব্জির নমুনার ৪০ শতাংশে ক্ষতিকর ডিডিটি, অ্যালড্রিন, ক্লোরডেন, হেপ্টাক্লোরসহ অন্যান্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। এসব কীটনাশকের মাত্রা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর চেয়ে ৩ থেকে ২০ গুণ বেশি।
“৩৫ শতাংশ ফল ও ৫০ শতাংশ শাক-সব্জিতে বিষাক্ত বিভিন্ন কীটনাশক রয়েছে। চালের ১৩টি নমুনার ৫টিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও ক্যাডমিয়াম পাওয়া গেছে।
২০১০ সালের ১৬ অগাস্ট এবং ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি পৃথক আদেশে বিষাক্ত রাসয়নিক দ্রব্য দিয়ে ফল পাকানো ও সংরক্ষণ এবং সেগুলো বিক্রির জন্য দোষীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার জন্য পুলিশকে নির্দেশ দেয় হাই কোর্ট।
আদেশে বিএসটিআই, আইন প্রয়োগকারী সংস্থাকে ভেজাল ফল বিক্রিতে তদারকির নির্দেশও থাকে।
প্রবন্ধে বিষাক্ত খাদ্য নিয়ন্ত্রণে ১৫ টি সুপারিশ করা হয়।
এর মধ্যে টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানি, পণ্য আমদানি পর্যায়ে এনবিআরের ব্যবস্থাপনায় বিভিন্ন রাসয়নিকসহ ফরমালিন পরীক্ষা, ভেজাল রোধে অভিযানের জন্য ভ্রাম্যমাণ গবেষণাগার করা, প্রতি জেলা, মহানগরে খাদ্য আদালত স্থাপন, খাদ্য বিশ্লেষক ও খাদ্য পরিদর্শক নিয়োগ করে জৈব কৃষি ব্যবস্থা প্রচলন ও জনপ্রিয় করাসহ আরো কয়েকটি প্রস্তাবনা রয়েছে
