ফটিকছড়িতে যুবলীগের ২ পক্ষে সংঘর্ষে আহত ১০
চট্টগ্রামের ফটিকছড়িতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে ফটিকছড়ি থানার এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন।
যুবলীগ সদস্য শওকত হোসেন মিল্লাত ও হুমায়ুন কবীরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয় বলে স্থানীয় কয়েক সাংবাদিক জানান।
এসআই শফিকুল বলেন, দুইপক্ষের মধ্যে জমিজমা ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জের ধরে এক পক্ষ আরেকপক্ষের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
