২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ২ নারীর মৃতদেহ উদ্ধার

ঢাকার সাভার ও আশুলিয়া থেকে দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 04:23 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার মুন্সিপাড়া থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

সাভারের ওসি মোস্তফা কামাল বলেন, হেমায়েতপুরে হরিণধরা ট্যানারি শিল্প নগরীর পেছনে বংশী নদীতে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

“লাল সেলোয়ার ও কামিজ পরা আনুমানিক ২০ বছর বয়সী ওই নারীকে ৭/৮ দিন আগে দুর্বৃত্তরা হত্যার পর লাশটি নদীতে ফেলে দেয় বলে ধারণা করা হচ্ছে।”

মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয়রা ওই নারীকে শনাক্ত করতে পারেনি বলে জানান তিনি।

আশুলিয়া থানার এসআই জাকারিয়া হোসেন জানান, দুপুর ১২টার দিকে আশুলিয়ার মুন্সিপাড়া এলাকার একটি বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

নিহত লাভলী বেগম (৩৫) স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।

তবে তার স্বামীর নাম ও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি পুলিশের এ উপ পরিদর্শক।

তিনি বলেন, "লাইলী আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।"