২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন লালমনিরহাট

ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ডাকা পরিবহন ধর্মঘটে লালমনিরহাট জেলায় পণ্য ও যাত্রীবাহী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 09:22 AM

Updated : 22 Aug 2022, 07:49 PM

দুই দফা দাবিতে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে লালমনিরহাট বাস শ্রমিক ইউনিয়নসহ স্থানীয় সকল পরিবহন সংগঠন।   

লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন চন্দ্র জানান, শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলাকারী ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার এবং সাধারণ শ্রমিকের উপর হামলা বন্ধের দাবিতে এ ধর্মঘট ডেকেছেন তারা।

ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে লালমনিরহাট জেলার কোথাও কোন পরিবহন চলাচল করছে না। বন্ধ রয়েছে দূরের পথের বাস।

দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানান পুলিন চন্দ্র।

লালমনিরহাট বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলবুল আহম্মদ বলেন, “ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে বাস চলাচলও বন্ধ থাকবে।”

এদিকে সকাল সোয়া ৭টার দিকে রংপুর থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী একটি যাত্রীবাহী বাস লালমনিরহাট টার্মিনালে এলে শ্রমিকরা বাসটির যাত্রীদের নামিয়ে দেয় এবং বাসটি রংপুরের দিকে ফেরত পাঠায়।