টেলিনর ইয়ুথ সামিট বিজয়ী আশরাফুল ও নওশীন
বিশ্বব্যাপি তরুণদের প্রতিযোগিতাভিত্তিক আয়োজন ‘টেলিনর ইয়ুথ সামিট ২০১৪’ এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।
শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল হক সিফাত ডিজিটাল মাদুলি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর নওশীন মেহজাবিন চৌধুরী ‘ফার্স্ট লেডি’ অ্যাপ-এর ধারণা দিয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন।
শিক্ষা সচিব এন আই খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় গ্রামীণফোনের সিইও বিবেক সুদ এবং সিএইচআরও কাজী মোহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন।
পানিতে ডুবে যাওয়া থেকে শিশুদের রক্ষা করতে আশরাফুল হক সিফাত এনেছেন, ‘ডিজিটাল মাদুলি: কিপিং কিডস সেইফ নিয়ার ওয়াটার’ আ্যাপ-এর ধারণা।
নওশীন মেহজাবিন চৌধুরীর অ্যাপটির নাম ‘ফার্স্ট লেডি: এনসিওরিং আ সেফ সোসাইটি ফর উইমেন।’ অ্যাপটি নারীর বিরুদ্ধে ঘরে-বাইরে সহিংসতা প্রতিরোধ নিয়ে কাজ করবে।
এ সেবার মাধ্যমে নারীরা রেজিস্ট্রেশন করে নিজেদের বিষয়ে তথ্য দিবেন এবং প্রতি মাসে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা-বার্তা বলবেন। এছাড়া সেবা পাওয়ার ক্ষেত্রে হেলপ লাইন ব্যবহারের উল্লেখ আছে। এ অ্যাপের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে সিগন্যালও পাঠানো যাবে।
দ্বিতীয় পর্ব শেষে চার ফাইনালিস্ট নিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিজয়ীরা নরওয়ের অসলোতে আয়োজিত প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক প্লাটফরমে নিজেদের উদ্ভাবন তুলে ধরবেন। বিজয়ীরা নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন।
ডিজিটাল কমিউনিকেশনের সাহায্যে সমাজ পরিবর্তন এবং সুযোগ সৃষ্টির জন্য তরুণদের উৎসাহিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
টেলিনর ইয়ুথ সামিট, গ্রামীণফোনের বৃহত্তম শেয়ারহোল্ডার টেলিনর গ্রুপের একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যা তরুণদের শিক্ষা এবং উন্নয়নে বিশেষভাবে কাজ করছে।
