রিকশায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু
বরিশালের বানারীপাড়ায় অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত মুন্নী আক্তার (১০) বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্রী। তার বাবা সালেক আকন্দ জ্বালানি তেলের ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বানারীপাড়া থানার ওসি জিয়াউল আহসান জানান, বানারীপাড়ার রাজ্জাকপুর থেকে অটোরিকশাযোগে মায়ের সঙ্গে পৌর এলাকায় এক আত্মীয়দের বাসায় যাচ্ছিল মুন্নী।
এ সময় চেয়ারম্যান বাড়ির সামনে অটোরিকশার চাকার সঙ্গে মুন্নীর গলায় থাকা ওড়না পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস পড়লে সে অচেতন হয়েছে পড়ে।
তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
