২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড় আদালতে পুড়েছে ‘গুরুত্বপূর্ণ নথি’

পঞ্চগড়ের একটি আদালতের এজলাসে শুক্রবার আগুনে মামলার নথিপত্রসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2014, 08:28 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

ফায়ার সার্ভিস, পুলিশ ও আদালতের কর্মকর্তারা জানান, পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতের নৈশ প্রহরী আজহার আলী সকাল ৭টার দিকে যুগ্ম জেলা জজ আদালত থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের লোকজন এসে বারান্দা ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আগুণ নিয়ন্ত্রণে আনে।

তবে, ততক্ষণে আদালতে সংরক্ষিত বিভিন্ন মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র, দেওয়ানী ও ফৌজদারিসহ বিভিন্ন মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র, আদালতের এজলাসের টেবিল, বেঞ্চ সহকারীর টেবিল, কম্পিউটারসহ বিভিন্ন মালামাল ভস্মীভূত হয়।

ইতোমধ্যে খবর পেয়ে আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দেয়া পানিতে কিছু নথিপত্র নষ্ট হয়েছে বলেও তারা জানান।

আদালতের বেঞ্চ সহকারী আফিজউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা/৮টা পর্যন্ত যুগ্ম জেলা জজ মামুন-অর-রশিদ অফিসে কাজ করেন। এরপর অফিসের এমএলএসএস রাজিব বের হয়ে যান। রাত ১০টার দিকে তিনি (বেঞ্চ সহকারী) কাজ শেষ করে অফিস বন্ধ করে চলে যান।

কাজ করার সময় কয়েল জ্বালানো হয়নি, কিংবা কেউ বিড়ি-সিগারেটও খাননি বলে তিনি দাবি করেন।

জেলা দমকল বাহিনীর স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, সকালে এজলাসে কয়েলের স্ট্যান্ড পাওয়া গেছে। কয়েল বা বিড়ি-সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ড শুরু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জেলা আইনজীবী সমিতিরি সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান বলেন, এই এজলাসে বিভিন্ন মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্রসহ বিভিন্ন দেওয়ানী ও ফৌজদারী মামলার গুরুত্বপূর্ণ নথি ছিল। এতে মামলার বাদী-বিবাদী উভয়ে বিপাকে পড়তে পারেন।

জেলা যুগ্ন জজ মানুন-অর-রশিদ বলেন, ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষতির অবস্থা বলা যাবে।

পঞ্চগড় থানার ওসি হুমায়ুন কবীর অগ্নিকাণ্ড ও মামলার নথিপত্র পুড়ে যাওয়ার ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন।