দুই জেলায় ভারতীয় পণ্য আটক
চুয়াডাঙ্গা ও জয়পুরহাট জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৫৯ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে এসব অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার গভীর রাতে দামুড়হুদার মুন্সীপুর মাঠ ও হুদাপাড়া মাঠ, জীবননগরের আকন্দবাড়িয়া ও দর্শনায় অভিযান চালিয়ে ৩২ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করে।
এছাড়া শুক্রবার সকালে দামুড়হুদার সুলতানপুর নদীর তীর থেকে ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।
এসব পণ্যের মধ্যে আট বোতল ভারতীয় মদ, ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩শ ভারতীয় শাড়ি, ৪০০ কেজি ইউরিয়া সার, ২০০ কেজি টিএসপি সার, ২৮ হাজার ৩৮০টি বিভিন্ন প্রকার ট্যাবলেট রয়েছে বলে জানান তিনি।
এদিকে জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আবু সাঈদ মৃধা জানান, জেলার সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় এবং একটি ট্রেনে অভিযান চালিয়ে ২৫ লাখ ২৪ হাজার ১শ টাকা মূল্য ভারতীয় পণ্য আটক করা হয়।
আটক মালামালের মধ্যে রয়েছে ১৯৯ বোতল ফেন্সিডিল, ৫ বোতল বিয়ার, ৩ হাজার ৮০টি টার্গেট ট্যাবলেট (যৌন উত্তেজক), ৯ হাজার সিটিম্যাক্স ট্যাবলেট, ১১ হাজার ভায়াগ্রা ট্যাবলেট, ১ বোতল বিজি ফক্স সিরাপ, ১২৩ কেজি জিরা, ১৪টি চাদর ও ৩টি ভারতীয় শাড়ি ।
পণ্যগুলো হিলি শুল্ক গুদামে জমা করা হয়েছে বলেও জানান বিজিবির কর্মকর্তা আবু সাঈদ।
