ত্রিপুরায় ফের বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
কুমিল্লা জেলার সীমান্তবর্তী ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহীজলা জেলায় চোর সন্দেহে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত এরশাদ মিয়া (৩৫) কুমিল্লার বিবির বাজার এলাকার অরণ্যপুর গ্রামের মৃত আয়েত আলীর ছেলে।
শুক্রবার গভীর রাতে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার দুর্গাপুর গ্রামে তার ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
সোনামুড়া থানার ওসি নারায়ণ সাহা বলেন, সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামে রাত ১টার দিকে পাঁচ/ছয় জনের একটি দল একজনের অটোরিকশা থেকে চাকা খুলে নেওয়ার সময় এক গ্রামবাসী তাদের দেখে ফেলে। এ সময় তারা ওই লোকের উপর হামলা করলে গ্রামের অন্যরা এসে তাদের ধাওয়া দেয়।
সঙ্গীরা পালিয়ে গেলেও এরশাদ ধরা পড়ে এবং তাকে মারধর করে ক্ষুব্ধ জনতা। পরে রাত ২টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
সেখানে সকাল ৯টার দিকে এরশাদের মৃত্যু হয় বলে কেন্দ্রের চিকিৎসক মৃণাল কান্তি জানান।
এর আগে গত ২৯ অক্টোবর ত্রিপুরার খোয়াইয়ের গোপালনগর গ্রামে গরু চোর সন্দেহে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। তার আগে গত ৬ এপ্রিল খোয়াইয়ের গৌরনগর এলাকায় চোর সন্দেহে পিটিয়ে মারা হয় তিন বাংলাদেশিকে।
