২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের বোমায় স্বেচ্ছাসেবক লীগের দুজন আহত

রাজধানীতে হাতবোমায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা আহত হয়েছেন, বোমা ছোড়ার জন্য ছাত্রলীগকর্মীদের দায়ী করেছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 10:44 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

আহতরা হলেন- শেরে বাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজিবুল ইসলাম সজিব (৩৭) ও সাইদুল ইসলাম (২৭)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে পশ্চিম কাফরুলের মোল্লা পাড়ায় এই হাতবোমা হামলা হয় বলে সজিব জানিয়েছেন।

তিনি হাসপাতালে সাংবাদিকদের বলেন, “বাসার সামনে বসে আমরা কয়েক বন্ধু গল্প করছিলাম। এসময় থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয়সহ ১৫/২০ জন আমাদের ওপর বোমা ছোড়ে।”

ছাত্রলীগ নেতা হৃদয় ও তার সহযোগীরা বাসায়ও হামলা চালিয়ে ঘরের জিনিসপত্রও ভাংচুর করে বলে দাবি করেন সজিব।

সজিবের কানের ওপর এবং সাইদুলের বাম হাতে বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে বলে ঢামেক ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।

দুজনকে হাসপাতালে নিয়ে আসেন শেরে বাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল।

আওয়ামী লীগের এই দুই সহযোগী সংগঠনের কর্মীদের বিরোধের বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের হৃদয় ও স্বেচ্ছাসেবক লীগের উজ্জলের মধ্যে ঝামেলা আছে।”

পুলিশ দু’পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।