২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তানকে হত্যা শেষে মায়ের আত্মাহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে নিজের শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 04:25 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

বৃহস্পতিবার ভোররাতে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলায় বিনা বেগম (২৫) নামের ওই নারীর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন কুট্টাপাড়ার মিলন মিয়ার স্ত্রী বিনা বেগম (২৫) ও ছেলে শামীম (৮ মাস)। মিলন মিয়া ও তার বাবা জুরু মিয়া দুজনই সৌদী আরব প্রবাসী।

বিনার বাবা মরম আলী (৬২) জানান, নয় বছর আগে মিলন মিয়ার সঙ্গে বিনার বিয়ে হয়। তারা সম্পর্কে ফুফাত ভাই মামাত বোন। বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় মেয়ে সামিরা ও ছেলে শামীম।

বিনার শ্বশুর ও স্বামী থাকেন সৌদি আরব। শাশুড়ি নেই। পরিবারের সদস্যদের মধ্যে দেশে আছেন শুধু দেবর ছোটন মিয়া।

সপ্তাহ খানেক আগে বিনার সঙ্গে ছোটনের কথা কাটাকাটি হলে ছোটন বিনাকে থাপ্পর দেন। এরপর বিনা স্বামীর বাড়ি থেকে সৈয়দটুলায় বাবার বাড়ি চলে আসেন।

বাবার বাড়িতে বড় ভাই আবদুর রউফেরে সঙ্গে বুধবার বিনার কথা কাটাকাটি হয়।

মরম আলী বলেন, ভোর রাতে বিনা তার ছেলে শামীমকে গলা টিপে হত্যা করে ওয়্যার ড্রোবে রেখে দেন। এ সময় মেয়ে সামিয়া খাটের নিচে লুকিয়ে থাকে। পরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে বীনা আত্মহত্যা করেন।

পরে সামিয়ার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে মা ও ছেলেকে মৃত দেখতে পায়।   

সরাইল থানার ওসি আলী আরশাদ বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। পুলিশ দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠিয়েছে।