শাহজাহানপুরে ছররা গুলিতে দুজন আহত
রাজধানীর শাহজাহানপুরে ছররা গুলিতে দুইজন আহত হয়েছেন, যারা পুলিশের গুলিতে আহত হয়েছেন বলে স্বজনরা দাবি করলেও পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
এরা হলেন- মো. সানাউল্লাহ হক (৪০) ও মো. জাফর (৪২)। জাফর শাহজাহানপুরের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী এবং সানাউল্লাহ পথচারী বলে তাদের স্বজনদের দাবি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহতদের স্বজনরা বলেছেন- বুধবার সন্ধ্যায় খিলগাঁও ফ্লাইওভারের উপর থেকে কয়েক যুবক নিচে গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়লে পাশে থাকা পুলিশ সদস্যরা ছররা গুলি ছোড়েন, যাতে ওই দুজন আহত হন।
তবে সেখানে দায়িত্বে থাকা শাহজাহানপুর থানার উপপরিদর্শক আবুল কালাম বলেছেন, সন্ধ্যার পর কয়েকজন খিলগাঁও ফ্লাইওভার থেকে হাতবোমা ছুড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ কোনো গুলি ছোড়েনি।
সানাউল্লাহর বুকে গুলি লাগায় তাকে ঢাকা মেডিকেল থেকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পরিদর্শক মোজাম্মেল জানিয়েছেন।
আর জাফরের ডান পায়ে দুটি গুলি লেগেছে বলে ঢাকা মেডিকেলের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।
দলের আমির মতিউর রহমান নিজামী, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে চলতি সপ্তাহজুড়ে হরতাল চলছে জামায়াতে ইসলামীর। বৃহস্পতিবার পর্যন্ত হরতাল ডেকেছে তারা।
হরতালে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রায়ই হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়ে থাকে।
