২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে জড়িত সন্দেহে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 04:28 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

এ ঘটনার পর বুধবার থেকে আগামী ১১ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক শাহাদৎ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে জানান, শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে দুই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

এরা হলেন-পিএইচডির ছাত্র অরুণ কুমার রায় ও বিএস লেভেল-৪ সেমিস্টার-১ এর ছাত্র এসএম জাহিদ হাসান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইফতেখার ইসলাম রিয়েল জানান, অরুণ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং জাহিদ সদস্য।

এদিকে দুই নেতাকে বহিষ্কারের পর উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ও প্রতিরোধের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

অধ্যাপক শাহাদৎ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আবুল হোসেন লিটন নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় এ ঘটনায় অরুণ ও জাহিদ জড়িত।তারা লিটনকে সাহায্য করেছেন। এর পরপরই দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করে পুরো ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।”

চার সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অধ্যাপক মিজানুর রহমানকে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান শাহাদৎ হোসেন।

“প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে,” বলেন তিনি।

পরীক্ষার্থী আটকের ঘটনার পর মঙ্গলবার রাতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমিনের  সভাপতিত্বে জরুরি সভায় বসে ভর্তি পরীক্ষা কমিটি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সেকশন কর্মকর্তা মমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, “বৈঠক থেকে আগামী ৫, ৭ ও ৮ নভেম্বরের বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন, ক্যালকুলেটর, ব্লুটুথ ডিভাইসসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।”

হাবিপ্রবি উপাচার্যকে প্রতিরোধের ঘোষণা ছাত্রলীগের

দুই নেতাকে বহিষ্কারের পর উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ও প্রতিরোধের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ইফতেখার ইসলাম রিয়েল এই ঘোষণা দেন।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় উপস্থিত ছিলেন। 

ইফতেখার ইসলাম অভিযোগ করেন, মঙ্গলবার (৪ নভেম্বর) ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আটক পরীক্ষার্থীকে ভীতি প্রদর্শন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে নেয়া ‘মিথ্যা স্বীকারোক্তিতে’ ছাত্রলীগ সাধারণ সম্পাদক অরুন কান্তি ও হল শাখার সভাপতি জাহিদকে জড়ানো হয়েছে এবং তদন্তের আগেই ওই দুই ছাত্রনেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এটি একটি ষড়যন্ত্র দাবি করে তিনি এই ষড়যন্ত্রের সঙ্গে উপাচার্য সরাসরি জড়িত বলে অভিযোগ করেন।

তিনি ক্যাস্পাসে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে বলেন, “ভিসি প্রফেসর রুহুল আমিনকে ক্যাম্পাসে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে।”

এছাড়া এ দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে ভর্তি পরীক্ষা শেষে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।