২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ বিপর্যয়: সময় চাইবে তদন্ত কমিটি

সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের তদন্ত প্রতিবেদন দিতে আরো সময় চাইবে ঘটনা তদন্তে গঠিত কমিটি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 02:53 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে বিদ্যুৎ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ও তদন্ত কমিটির প্রধান কায়কাউস আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মন্ত্রণালয় থেকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া সম্ভব হবে না।

“তবে আগামীকাল (বৃহস্পতিবার) তদন্তের অগ্রগতির বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করে আরো সময় চাওয়া হবে।”

তদন্ত কমিটি আরো কিছু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করবে জানিয়ে তিনি বলেন, কী কারণে গ্রিড বির্পযয়ের ঘটনা ঘটেছে এখনো তা নির্ধারণ করা যায়নি। আগামী দিনে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য গ্রিড লাইনের কোথায় কী সমস্যা আছে তাও চিহ্নিত করা হচ্ছে।

এছাড়া ২০০৭ সালে গ্রিড বিপর্যয়ের পর মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয়েছে কী না- তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

সাত সদস্যের এ কমিটির সদস্যরা আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম, পরিচালক (কারিগরি) সাজ্জাদুর রহমানসহ গ্রিড লাইনের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তাদের কাছেও বিভিন্ন তথ্য চেয়েছেন।

তদন্ত কমিটির সদস্য সচিব ও পাওয়ার সেলের মহা পরিচালক মোহাম্মদ হোসেন, সদস্য পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বেরুনী, ইজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার (অব.) নজরুল ইসলাম, পিডিবির সাবেক চেয়ারম্যান মো. খিজির খান, আরইবির সদস্য নুরুল আফসার এ সময় উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে দুপুর ১২টায় ঢাকার উদ্দেশে রওনা হন তদন্ত কমিটির সদস্যরা।

গত শনিবার সকাল ১১টা ২৭ মিনিট ২৮ সেকেন্ডের দিকে হঠাৎ করেই কুষ্টিয়ার ভেড়ামারা সঞ্চালন কেন্দ্রে বিদ্যুৎ বির্পযয় দেখা দেয়। এ সময় ভারতের সঙ্গে সঞ্চালন লাইনও বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ভারতীয় বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া।

একই সময় দেশের উৎপাদনে থাকা সব বিদ্যুৎ কেন্দ্রও একযোগে বন্ধ হয়ে যায়, ধস নামে বিদ্যুৎ উৎপাদনে। সারাদেশে দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়।

এই বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ওইদিনই সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পুরনো খবর:

বিদ্যুৎ বিপর্যয়: ছুটির কারণে প্রতিবেদন দেয়া হয়নি