২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমের ফাঁদে পাচারের চেষ্টা: আটক ৪

প্রেমের ফাঁদ পেতে বিয়ের প্রলোভন দেখিয়ে ভারতে নারী পাচারের অভিযোগে যশোর ও সাভারে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে র‌্যাব।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 08:29 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

এরা হলো- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেরার বিন্নাপুরী গ্রামের আজহার আলীর ছেলে জব্বার হোসেন ওরফে মারুফ (৩০), যশোরের শার্শা উপজেলার ভবেরচরের রশিদ মোল্লার ছেলে ডালিম মোল্লা (২৯) ও নড়াইলের কালিয়া উপজেলার চানপুর গ্রামের মোতালেব সরদারের ছেলে পল্টু সরদার (২৮)।

এছাড়া সাকিব (২৮) নামের আরেকজনের পরিচয় জানায়নি র‌্যাব।

মঙ্গলবার বিকালে র‌্যাব-২ এর অধিনায়ক কেএম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে যশোরের নোয়াপাড়া ও সাভারের হেমায়েতপুর থেকে তাদের আটক করা হয়েছে। ধরে পাচারের শিকার দুই নারীকেও উদ্ধার করা হয়।

“ওই দুই নারী সাভারের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক। বিয়ের প্রলোভন দেখিয়ে বেনাপোল নিয়ে তাদের ভারতে পাচারের পরিকল্পনা করেছিল আটককৃতরা।”

মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে র‌্যাব-২ এর কার্যালয়ে উদ্ধার হওয়া ওই দুই পোশাককর্মী পরিচয় গোপন রাখার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের কাছে প্রতারণার ঘটনার বিবরণ দেন।

১৫/২০ দিন আগে একজনের মোবাইল ফোনে ৫০ টাকা রিচার্জ করেন কেউ। কয়েকদিন পর মারুফ নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে বলেন, ভুল করে তিনিই ওই ৫০ টাকা রিচার্জ করেছেন। কিন্তু টাকা ফেরত না চেয়ে উল্টো ওই পোশাকশ্রমিকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে চান।  

সিলেটের শ্রীমঙ্গলের বাসিন্দা এই নারী প্রায় দুবছর ধরে আশুলিয়ার একটি কারখানায় কাজ করছিলেন। কারখানার পাশেই একটি মেস ভাড়া করে থাকতেন তিনি। রংপুরের পীরগঞ্জ থেকে আসা অন্য একটি কারখানার পোশাককর্মী অপর নারীও একই মেসে থাকতেন।

প্রায় একই সময়ে মোবাইল ফোনে গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে পীরগঞ্জের এই পোশাককর্মীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন সাকিব।

মেসের একই কক্ষে থাকলেও দুই নারী কখনও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ না করায় পরস্পরের এই সম্পর্কের কথা কেউ জানতেন না।

গত রোববার সন্ধ্যার আগে সাভার স্মৃতিসৌধে মারুফ ও সাকিব দুজনের সঙ্গে আলাদাভাবে দেখা করে বিয়ের প্রস্তাব দিলে দুজনই রাজি হয়ে যান।

তারা জানান, ওদের চেহারা, আচরণ ও পোশাক দেখে তারা প্রতারিত হয়েছেন।

স্মৃতিসৌধে প্রথম পরিচয়ের দিনই তারা চারজন পরস্পরের সঙ্গে পরিচিত হন এবং এক সঙ্গে খাওয়া দাওয়া করেন।

তাদের একজন বলেন, “চা নাস্তা করার পর মাথা ঘুরছিল, চারদিক ঘোলা হয়ে আসছিল। ওরা বলছিল, যশোর নিয়ে গিয়ে আমাদের বিয়ে করবে। আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না; শেষ পর্যন্ত ওদের প্রস্তাবে রাজি হয়েছিলাম।

“এর পরে লঞ্চে করে কীভাবে ওদের সঙ্গে প্রথমে বরিশাল এবং পরে বাসে যশোর হয়ে বেনাপোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম- তা বলতে পারি না। কেমন জানি একটা ঘোর কাজ করছিল।”

তাদের দুজনেরই ধারণা, দুজনের খাবারের মধ্যে ওরা চেতনানাশক কোনোকিছু মিশিয়েছিল।