চট্টগ্রামে রেল ইঞ্জিনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় রেলের ইঞ্জিনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে খুলশী আমতলী আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের আনুমানিক বয়স ৬০ বছর। তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই ওয়াহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ইঞ্জিনটি আমতলী এলাকায় গ্যারেজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। রেল লাইন ধরে হেঁটে যাওয়ার সময় ওই নারী ইঞ্জিনে কাটা পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এসআই ওয়াহিদুল জানান।
