পুলিশপুত্রকে ‘বাঁচানোর’ তৎপরতা
সড়কে এক ব্যক্তির মৃত্যুর জন্য ‘দায়ী’ পুলিশপুত্রকে বাঁচাতে তৎপরতা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে, যিনি গ্রেপ্তার হওয়ার পর ইতোমধ্যে জামিনে বেরিয়েও এসেছেন।
রাজধানীর বনানীতে পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোজাম্মেল হোসেনের গাড়ির ধাক্কায় গত বৃহস্পতিবার নিহত হন একটি বায়িং হাউসের কর্মকর্তা মৃত্যুঞ্জয় আচার্য্য মিঠু।
ওই গাড়িটি তখন চালাচ্ছিলেন পুলিশের শীর্ষ পর্যায়ের ওই কর্মকর্তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে জাফর সাদিক (২৩), যার সঙ্গে কোনও ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে পুলিশই জানিয়েছে।
মাসুদ গ্রুপ নামে একটি বায়িং হাউজের কর্মকর্তা মিঠুর ভাই উজ্জ্বল আচার্য্য এই ঘটনায় একটি মামলা করেছেন। তার অভিযোগ, এখন ঘটনাটি চাপা দেওয়ার তোড়জোড় চলছে।
ঘটনাটি কয়েকদিন আগের হলেও ফেইসবুকে ব্যাপক আলোচনায় পুলিশ কর্মকর্তার ছেলের সম্পৃক্ততার বিষয়টি ধরা পড়ে, যা নিয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশিত হয়।
ঘটনার পর ‘পুলিশ’ লেখা গাড়িটির চালক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফরকে আটক করা হয়। মামলার পর তাকে আদালতেও পাঠানো হয়।
ওই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক আমিরুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার পরদিন তাকে (জাফর) আদালতে পাঠিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেল হাজতে রাখার জন্য আবেদন করা হয়।”
“আমিও শুনেছি, ওই দিনই জাফর সাদিক জামিন লাভ করেছেন,” বলেন তদন্ত কর্মকর্তা আমিরুলও।
৩০৪ (খ) ধারায় দায়ের করা এই মামলার অভিযোগ জামিনযোগ্য এবং আদালতে আপসযোগ্য বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। এই ধারায় সর্বোচ্চ শাস্তি তিন বছর কারাদণ্ড।
তবে পুলিশ ‘স্টিকার’ লাগিয়ে অন্যের গাড়ি চালানোর বিষয়ে কোনও অভিযোগ এই মামলায় আসেনি, তা স্পষ্ট।
জাফরের কোনও ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে গ্রেপ্তারের পরপরই পুলিশ জানিয়েছিল।
তদন্ত কর্মকর্তা আমিরুল সোমবারও বলেন, “গাড়িটি মোজাম্মেল হোসেনের নামে কাগজ দেখানো হলেও জাফর সাদিকের নামে কোনও লাইসেন্স আজ পর্যন্ত দেখাতে পারেনি।”
মামলার বাদী উজ্জ্বল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনাটি চাপা দিতে এখন তাদের অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হচ্ছে। তবে তারা সেটা প্রত্যাখ্যান করে দিয়েছেন।
“পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হোসেন নিজেও ‘যা হওয়ার হয়ে গেছে’ বলে আমাদের ম্যানেজ করার চেষ্টা করেছেন,” বলেন উজ্জ্বল।
তিনি বলেন, গত রোববার মিঠুর শ্রাদ্ধের দিন মোজাম্মেল তাদের উত্তর কাজীপাড়ার বাড়িতেও এসেছিলেন।
“হঠাৎ করেই গাড়ি নিয়ে তিনি আমাদের বাসায় আসেন। তার প্রায় এক ঘণ্টা আগে থেকে কিছু লোকের মহড়া দেখে বোঝা যাচ্ছিল, তিনি আসছেন। ১০ মিনিট থেকে চলে গিয়েছিলেন তিনি।”
“তাকে দেখেই আমার ভাইয়ের দুই মেয়ে বলে উঠে- ‘আপনার ছেলে আমাদের বাবাকে খুন করেছে’। বলেই তারা কান্নাকাটি করতে থাকে,” বলেন উজ্জ্বল।
তার আগে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মিঠুর লাশ থাকার সময়ই তার শ্বশুরের কাছে তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে আপসের প্রস্তাব দেওয়া হয় বলে উজ্জ্বল জানান।
মৃত্যুঞ্জয় আচার্য্য মিঠু
এই ঘটনার পর থেকে সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের সঙ্গে কথা বলতে বিভিন্নভাবে চেষ্টা করা হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে। তবে তাকে পাওয়া যায়নি।
সোমবার রাতে তার মোবাইলে কল করা হলেও তিনি ধরেননি এবং পরিচয় দিয়ে এসএমএস পাঠানোর পরও কোনও জবাব পাওয়া যায়নি।
তবে মামলার তদন্ত কর্মকর্তা আমিরুল বলেন, “খুব দ্রুতই তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে।”
মিঠু (৪৮) স্কুলপড়ুয়া দুই মেয়ে ঐশ্বরিয়া আচার্য্য ঐশী (১২) এবং প্রীতি আচার্য্য যূথী (৯) এবং স্ত্রীকে নিয়ে মিরপুর কাজীপাড়ায় থাকতেন। শনিবার পোস্তগোলা শ্মশানে মিঠুকে দাহ করা হয়।
উজ্জ্বল জানান, উপার্জনক্ষম হিসেবে তাদের ছয় ভাই-বোনের প্রায় সবার লেখাপড়ার খরচ জুগিয়েছিলেন মিঠু।
“তার দুই মেয়ে কেঁদে কেঁদে একসারা। লাশ দাহ করতে নিয়ে যাওয়ার সময় তারা বলছিল, ‘কাজ শেষ করে বাবাকে তোমরা নিয়ে আসিও’,” বলায় সময় নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন উজ্জ্বল।
মিঠু কর্মস্থল থেকে বের হয়ে চেয়ারম্যানবাড়ি সিগন্যালে রাস্তা পার হওয়ার সময় জাফরের চালানো গাড়িটি তাকে ধাক্কা দেয়।
প্রাইভেটকারটি মিঠুকে চাপা দেওয়ার পর রোড ডিভাইডারে উঠে গেলে এর সামনের অংশও দুমড়ে-মুচড়ে যায়।
