২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজধানীর সবুজবাগে গলায় ফাঁস দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 11:36 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

সাবিয়া সালাম শিফুন (১৩) নামে ওই কিশোরী ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সিদ্ধেশ্বরী শাখায় ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোমবার সন্ধ্যায় শিফুনকে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখে তাকে নামিয়ে হাসপাতালে আনে তার মা পপি বেগম। চিকিৎসকরা দেখে শিফুনকে মৃত ঘোষণা করেন।

বিকালে রাজারবাগ কদমতলার বাসা থেকে ছোট মেয়েকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন পপি বেগম। সন্ধ্যায় ঘরে ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান বলে পপি পুলিশকে জানিয়েছেন।

পরিদর্শক মোজাম্মেল বলেন, “পরে দরজা ভেঙে ভিতর ঢুকে শিফুনকে ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন পপি বেগম।”

শিফুনের বাবা এমএ সালাম ইতালি প্রবাসী।