মাগুরায় আ. লীগের সংঘর্ষ, আহত ৩০
মাগুরার মহম্মদপুর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
সোমবার উপজেলার বালিদিয়া গ্রামে এ সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে ২০টি বসতঘর ও চারটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ।
মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল ছোড়ে। এ সময় এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ওই এলাকার বাসিন্দা শাহিন হোসেন বলেন, এলাকায় আধিপত্যে বিস্তার নিয়ে বালিদিয়ার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিনার সঙ্গে বালিদিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউনুস সিকদারের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে।
সকাল ১০টার দিকে একটি বিরোধপূর্ণ জমি চাষ নিয়ে উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
