চট্টগ্রামে গুলিসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের বাকলিয়া থেকে ৪৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গ্রেপ্তার মোহাম্মদ বাচ্চু (২২) অস্ত্র বিক্রেতা চক্রের সদস্য। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। থাকেন বন্দর নগরীর পাঁচলাইশ থানাধীন ফরিদার পাড়া এলাকায়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে বাকলিয়ার চাক্তাই এলাকার মান্নান টাওয়ারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
"বাচ্চু অস্ত্র বিক্রেতা চক্রের সদস্য। বাঁশখালী থেকে এসব গুলি নিয়ে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।"
এর আগে ২০১২ সালে একটি বিদেশি পিস্তলসহ বাচ্চু গ্রেপ্তার হয়েছিলেন বলে জানান পুলিশ কর্মকর্তা মহসিন।
