২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল

যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফা হরতালের শেষ দিনেও বন্দরনগরী চট্টগ্রামে হরতালকারীদের কোনো তৎপরতা দেখা যায়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 03:18 PM

Updated : 25 Apr 2022, 04:55 PM

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত জানান, সোমবার সকাল থেকে নগরীর কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।  

বন্দরনগরীতে সকাল থেকে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানচলাচলও করতে দেখা যায়। পোশাক কারখানাসহ সরকারি-বেসরকারি ব্যাংক, বীমা ও বিভিন্ন অফিসের কাজ চলে স্বাভাবিকভাবে।

চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও ট্রেন চলেছে সময় মতোই।

ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। ছোট যানগুলো চলছে স্বাভাবিকভাবেই।  

গত ২৯ অক্টোবর জামায়াতের আমির নিজামীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় ঘোষণার পরপরই বৃহস্পতি, রবি ও সোমবার হরতালের ডাক দেয় দলটি।