২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১৫ সালে ২৩ দিন ছুটি

আসছে নতুন বছরে মোট ২৩ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 02:02 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০১৫ সালের সরকারি ছুটির এই তালিকা অনুমোদন করা হয়।

এই ২৩ দিনের ছুটির মধ্যে ১২ দিনই থাকছে শুক্র ও শনিবার।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “সাধারণ ছুটি থাকবে ১৫ দিন। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। নিট ছুটি হচ্ছে ৬ দিন।”

এর বাইরে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ৮ দিন, যাতে শুক্র বা শনিবার পড়বে ৩ দিন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলা পঞ্জিকা, ধর্ম মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর এবং চলতি বছরের ছুটির তালিকা হিসাব করেই নতুন বছরের জন্য ছুটির এ তালিকা করা হয়।

চলতি ২০১৪ সালের তালিকা অনুযায়ী সরকারি ছুটি রয়েছে মোট ২২ দিন। নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তিন দিন ঐচ্ছিক ছুটি কাটাতে পারেন।