পাবনায় যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার
পাবনার কাশিপুর থেকে এক যুবকের হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে, যাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, সোমবার সকালে কাশিপুর এলাকায় পাবনা-পাকশী আঞ্চলিক সড়কেরে পাশে একটি কবরস্থানে কাছের মেহগনি গাছে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, “আল আমিনের গলায় রশি পেঁচানো এবং হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। এছাড়া শরীরে অন্য কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।
"এ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই মেহগনি গাছে ঝুলিয়ে রাখে।"
পরিবারের সদস্যের উদ্ধৃত করে ওসি আরো বলেন, “ঈশ্বরদীতে কাজ শেষে আলামিন রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় পূর্ব শত্রুতার কারণে না কী কোন ছিনতাইকারী তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
