রিভিউ চলবে না: অ্যাটর্নি জেনারেল
আপিলের রায়ে যুদ্ধাপরাধী জামায়াত নেতা মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম; ‘রিভিউ’ প্রশ্নে তিনি আছেন আগের অবস্থানেই।
সোমবার আপিল বিভাগ রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কখন বা কবে ফাঁসি কার্যকর হবে তা সরকার ও কারা কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়।
“রিভিউ করার আর কোনো সুযোগ রয়েছে বলে আমি মনে করি না। এর আগে কাদের মোল্লার পক্ষ থেকে রিভিউ করেছিল, তা খারিজ করে দেয় আদালত। এক্ষেত্রে রিভিউয়ের আর কোনো স্কোপ নেই।”
সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী আসামিপক্ষ রিভিউ করতে পারে কিনা জানতে চাইলে তাও নাকচ করে দেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে তিনিই এ আপিল মামলা মোকাবেলা করেন।
তিনি বলেন, “বিশেষ আইনে এ বিচার হচ্ছে। সাংবিধানিকভাবে এ আইন প্রটেকটেড। ১০৫ আর্টিকেল কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেছিলাম, এখনও তা বলছি। কামারুজ্জামানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর রিভিউ চলবে না। রায় পাওয়ার পর বাস্তবায়ন পর্যন্ত মাঝের সময়টি জেল কর্তৃপক্ষ ও সরকারের বিষয়।”
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চূড়ান্ত রায়ের সংক্ষিপ্ত কপি পাওয়ার জন্যে তিনিও আবেদন করেছেন জানিয়ে মাহবুবে আলম বলেন, এ রায়ের ফাঁসি কার্যকর হবে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী।
রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা সন্তুষ্ট হয়েছি। আমাদের জন্য পরম স্বস্তিদায়ক। মৃত্যুদণ্ড বহাল রয়েছে এতেই আমরা স্বস্তি পেয়েছি। সোহাগপুরের বিধবাপল্লীর জনগণ, মুক্তিকামী মানুষ, যারা আইনের শাসন চান- তারা এবং ক্ষতিগ্রস্তরা এ রায়ে স্বস্তি পেয়েছে।”
আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা আদালত অবমাননার শামিল বলেও তিনি মন্তব্য করেন।
“হরতাল হতে পারে রাজনৈতিক ইস্যুতে। আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল ডাকা চরম ধৃষ্টতা। আদালতের প্রতি তাদের শ্রদ্ধাবোধ না থাকার প্রমাণ। সম্পূর্ণভাবে আদালত অবমাননা।”
