রিভিউয়ের সুযোগ নেই: প্রসিকিউশন
আপিলের রায়েও যুদ্ধাপরাধী জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলেছেন, ট্রাইব্যুনাল আইনে ‘রিভিউ’ করার সুযোগ নেই।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ট্রাইব্যুনালের দুই প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও তুরীন আফরোজ সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান।
জেয়াদ আল মালুম বলেন, “চূড়ান্ত রায়ের পর আর রিভিউয়ের সুযোগ নেই। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তা জেলা প্রশাসকের কাছে যাবে। কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী ৩০ দিনের মধ্যে রায় কার্যকর করবে।”
তিনি বলেন, “আপিলের রায়ের মাধ্যমে প্রমাণ হলো ৪৩ বছরের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।”
রায়ে সন্তোষ প্রকাশ করে আরেক প্রসিকিউটর তুরীন আফরোজ বলেন, “আমরা আশাবাদী ছিলাম। এখন পূর্ণাঙ্গ রায়ের জন্য অপেক্ষা করতে হবে।”
আপিলের রায়ে রিভিউ এর অধিকার সীমিত বলে জানান তিনি।
ফাইল ছবি
উচ্চ আদালতের রায়ের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
আন্তর্জাতিক পর্যায়ে ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনা প্রসঙ্গে এক প্রশ্নে তুরীন আফরোজ বলেন, “আমরা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। এখনও কিছু কিছু রাষ্ট্র আমাদের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আসামি কামারুজ্জামানের আপিলের রায়ে সোমবার বিচারিক আদালতের দণ্ডই বহাল রাখে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের মধ্যে কামারুজ্জামান হলেন তৃতীয় ব্যক্তি, আপিল বিভাগে যার মামলার নিষ্পত্তি হলো।
এর আগে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার আপিল নিষ্পত্তির পর ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর যাবজ্জীবন সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় সর্বোচ্চ আদালত। এরপর গত বছরের ডিসেম্বর তার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়।
চলতি বছর ১৭ সেপ্টেম্বর আপিলের দ্বিতীয় রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় সর্বোচ্চ আদালত।
