২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসির চাকরি খাওয়ার হুমকি পীরের, থানায় জিডি

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদেরকে হুমকি দেয়ার অভিযোগে তিনি নিজে এক পীরের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 09:18 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

শনিবার রাতে করা এ জিডিতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কুতুববাগ দরবার শরীফের পীর জাকির শাহর বিরুদ্ধে অভিযোগ করা হয়।

ঢাকার ফার্মগেট এলাকায় পীর জাকির শাহর আস্তানা রয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়।

জিডিতে ওসি অভিযোগ করেন, থানার বিপরীতে অবস্থিত বহুতল আবাসিক ভবন আল জয়নাল প্লাজার মালিক জয়নাল আবেদীন প্রতিরাতে এশার নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত মাইকে উচ্চৈস্বরে কুতুববাগ দরবার শরীফের পক্ষে জিকির প্রচার করেন।

এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিকার চেয়ে আবেদন জানায়।

সদর থানা কর্তৃপক্ষ পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক জয়নাল আবেদীনকে ডেকে দুই মাস আগে বাইরে মাইক লাগিয়ে শব্দ দূষণ না করে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা অব্যহত রাখতে সহযোগিতার অনুরোধ জানায়।

কিন্তু জয়নাল আবেদীন তাতে কর্ণপাত না করায় এলাকাবাসীর অনুরোধে গত সপ্তাহে তার মাইক জব্দ করা হয়।

এর জেরে গত শনিবার (১ নভেম্বর) পীর জাকির শাহর এক ভক্ত ওসিকে মোবাইল ফোনে জাকির শাহকে ধরিয়ে দেন।

ওই সময় পীর জাকির শাহ ওসিকে হুমকি দিয়ে বলেন, কীভাবে থানায় ওসিগিরি করবেন তা দেখিয়ে দেবেন তিনি।

মন্ত্রীসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তার মুরিদ। কীভাবে পুলিশের চাকরি খেতে হয় তা তার ভালভাবে জানা আছে। আগামী তিন দিনের মধ্যে ওসিকে বদলিসহ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দেন তিনি।

হুমকির সময় পীর সাহেব আরও বলেন, “তুই জয়নালের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো ধরনের ব্যবস্থা যদি নেওয়ার চেষ্টা করিস, তবে তোকে দেখে নিব। তোর সম্পর্কে সমস্ত খোঁজখবর আমি নিয়েছি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রিকে আমি জানিয়েছি। আগে তোকে নাসিম ওসমান রক্ষা করত এখন কে রক্ষা করবে তা আমি দেখব। তুই জয়নালের কোনো কাজে বাধা দিবি না।”

জিডিতে ওসি উল্লেখ করেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ভবিষ্যতের জন্য ডাইরিভুক্ত করলাম।”