২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে আনন্দ শোভাযাত্রা

মানবতাবিরোধী অপরাধে চট্টগ্রামের বদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায়ের পর সিলেটে পৃথকভাবে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে গণজাগরণ মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগ। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 08:58 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

রোববার দুপুরে চৌহাট্টাস্থ প্রজন্ম চত্বর থেকে গণজাগরণ মঞ্চের আনন্দ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের কুখ্যাত আলবদর কমান্ডার মীর কাশেম একাত্তরে যে নৃশংসতা চালিয়েছে আজ ফাঁসির রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, সংগঠক বিনয় ভদ্র, আবদুল বাতিন, রাজীব রাসেল, সৈয়দ রাসেল, ছাত্র ইউনিয়ন সিলেটের সভাপতি পাপলু বাঙালি, কবি আবিদ ফায়সাল, সংস্কৃতিকর্মী রিপন চৌধুরী, বিমান তালুকদার, উত্তরা সেন পম্পা, মারুফ অমিত, রাকেশ দাস, দিপঙ্কর দাশগুপ্ত, রুপন, দ্বোহা চৌধুরী প্রমুখ।

বেলা দেড়টায় নগরীতে আনন্দ শোভাযাত্রা বের করে সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ।

নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযোদ্ধারা বলেন, যুদ্ধাপরাধীর বিচারের মধ্য দিয়ে দেশ কলংকমুক্ত হচ্ছে। অবিলম্বে এইসব পাকিস্তানি হায়েনাদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। একইসাথে বাকি যুদ্ধাপরাধীদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

এদিকে রায়ের পর বেলা ১টায় সলেট নগরীতে আনন্দ মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠন।

নগরীর কোর্ট পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্ট হয়ে ফের কোর্ট পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।