বাংলাদেশবিরোধী তৎপরতায় ভারতের মাটি নয়: পঙ্কজ
ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী কোনও তৎপরতা চালাতে দেওয়া হবে না বলে ঢাকাকে আশ্বস্ত করেছেন হাইকমিশনার পঙ্কজ শরণ।
বর্ধমানে বোমা বিস্ফোরণে বাংলাদেশি জঙ্গিদের সম্পৃক্ততার খবর প্রকাশের মধ্যে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে একথা বলেন ভারতের হাইকমিশনার, যে অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের মাটি থেকে ভারতবিরোধী কোনও তৎপরতা চালাতে দেওয়া হবে না বলে ঢাকার পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে।
একই ধরনের প্রতিশ্রুতি নয়া দিল্লির কাছ থেকেও প্রত্যাশা করে সম্প্রতি কলকাতার দৈনিক আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলার পরপরই ভারতীয় দূতের এই বক্তব্য এল।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (আইটিইসি) এর ৫০ বছর পূর্তি এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন (আইসিসিআর) ডে উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঙ্কজ শরণ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেন, পারস্পরিক স্বার্থেই ভারত-বাংলাদেশ সম্পর্ক অব্যাহত থাকবে।
ভারতের হাইকমিশনার বলেন, তার দেশ একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়।
“আমরা আমাদের ভূমি এমন কোনও কাজে ব্যবহার হতে দেব না, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে।”
সম্প্রতি ভারতের বাংলাদেশলাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গের বর্ধমানে একটি বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় চলছে, যাতে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সম্পৃক্ততা রয়েছে বলে নয়া দিল্লির কর্মকর্তারা বলছেন।
বর্ধমানকাণ্ডের তদন্ত করতে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যা করতে জঙ্গিদের একটি পরিকল্পনার তথ্য জানার দাবিও করেছেন ভারতের গোয়েন্দারা।
এই বিষয়ে বাংলাদেশকে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে।
পঙ্কজ বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেয়।
“আমাদের পরস্পরের নিরাপত্তা ও স্বার্থের জন্য যা হুমকি, তা মোকাবেলায় আমাদের সহযোগিতা এবং নিয়মিত আলোচনা অব্যাহত থাকবে।”
অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির অংশীদার হিসেবে বাংলাদেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চাওয়ার কথাও বলেন ভারতের হাইকমিশনার।
আইটিইসির মাধ্যমে বাংলাদেশিদের ভারতের বিভিন্ন ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে যাওয়ার কথাও বলেন তিনি।
১৯৬৪ সালের সেপ্টেম্বর মাসে আইটিইসি’র কার্যক্রম শুরু হয়। এর আওতায় ভারত উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি ও কৌশল এবং দক্ষতা বাড়াতে সহায়তা করে থাকে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, “এই কর্মসূচি উন্নয়ন সহযোগিতায় ভারত সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি জেনে অত্যন্ত খুশি হয়েছি যে, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের ৮৪৫জন পেশাজীবী এই কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নিয়েছে।”
ভারতীয়দের জন্যও বাংলাদেশের কিছু প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব কর্মসূচি দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ককে আরও নিবিড় করছে।
“বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে। এই সম্পর্ক শুধু দুই দেশের জন্য নয়, বরং দক্ষিণ-এশীয় অঞ্চলের সামগ্রিক উন্নতি বয়ে আনবে।”
মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে ভারতের সহায়তারও প্রশংসা করেন আবদুল হামিদ।
“ভারত একটি বিশ্বশক্তি হিসবে আবির্ভূত হচ্ছে এবং অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করছে। আমি বিশ্বাস করি, ভারতের এই বহুমুখী উন্নয়ন অভিজ্ঞতা এবং দক্ষতা অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করবে।”
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং জনগণের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতাও প্রকাশ করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে চারজনের হাতে আইটিইসি/আইসিসিআর বৃত্তির সনদ তুলে দেন আবদুল হামিদ।
