২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের আওতামুক্ত খুলনা নগরী ও মাগুরা

কাত্যায়নী পূজার কারণে মাগুরা জেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে জামায়াত। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেটের কারণে সোমবার খুলনা মহানগরীও হরতালের বাইরে থাকছে।

মাগুরা প্রতিনিধি

খুলনা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 10:23 AM

Updated : 22 Aug 2022, 07:29 PM

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর বৃহস্পতিবার, রবি ও সোমবার এই হরতাল ডাকে দলটি।

তবে মাগুরায় ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলমান ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা এবং এ উপলক্ষে ১২ নভেম্বর পর্যন্ত মেলার কারণে রবি ও সোমবারের হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জামায়াত।

আর খুলনায় সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। এ কারণে খুলনা নগরীতে সোমবারের হরতাল প্রত্যাহার করা হলেও রোববার যথারীতি হরতাল হচ্ছে বলে স্থানীয় জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে।

মাগুরা সদর উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন জানান, জেলা পূজা উদযাপন পরিষদের ‘অনুরোধে’ জামায়াতের কেন্দ্রীয় কমিটির অনুমতি নিয়ে মাগুরায় হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।

"হরতাল প্রত্যাহারের বিষয়টি জামায়াতের পক্ষ থেকে মাইকিং করে মাগুরাবাসীকে জানানো হয়েছে।"

অপরদিকে খুলনা মহানগরীতে সোমবারের হরতাল প্রত্যাহারের ঘোষণা দিয়ে মহানগর জামায়াতে আমির আবুল কালাম আজাদ ও সেক্রেটারি মাহফুজুর রহমান শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে বার্তা পাঠান।

তাতে বলা হয়, চলমান হরতাল কর্মসূচির মধ্যে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ ম্যাচের বিষয়টি বিবেচনায় এনে ৩ নভেম্বর সোমবার খুলনা মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

তবে জেলার অন্য উপজেলাতে সারাদেশের মতো হরতাল পালনের আহ্বান জানানো হয় ওই বার্তায়।