নিরাপত্তার চাদরে ট্রাইব্যুনাল
জামায়াতে ইসলামের শুরা সদস্য মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
হাই কোর্ট পুলিশ ফাঁড়ির ওসি আবদুস সালাম জানান, রোববার ভোর থেকে আদালত এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রস্তুত আছে।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে। রায়ের জন্য মীর কাসেমকে ইতোমধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। একাত্তরে যুদ্ধাপরাধের ১৪টি অভিযোগে তিনি অভিযুক্ত।
নিরাপত্তার স্বার্থে হাই কোর্টের বিভিন্ন প্রবেশ পথেও চলছে পুলিশি তল্লাসি। দোয়েল চত্বের থেকে হাইকোর্টের প্রবেশ পথে রয়েছে পুলিশের নিরাপত্তা ব্যরিকেড। সেখানে দায়িত্ব পালন করছেন পুলিশ ও র্যা ব সদস্যরা।
মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, রায় ঘিরে কেউ যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে ক্লোজড সার্কিট ক্যামেরা।
র্যা বের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, যে কোনো ধরনের গোলযোগ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে র্যা ব।
র্যা ব পুলিশের পাশাপাশি এপিবিএন এর সদস্যরাও ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন বাহিনীর মিডিয়া সেলের এএসপি আমিরুল ইসলাম।
