২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের আগে ফেনীতে বিজিবি মোতায়েন

জামায়াতের ডাকা হরতাল ও মীর কাসেম আলীর যুদ্ধাপরাধের মামলার রায়কে কেন্দ্র করে ফেনীতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2014, 10:27 PM

Updated : 22 Aug 2022, 07:28 PM

রোববার সকাল থেকে দুই প্লাটুন বিজিবি সদস্য জেলায় টহল দেবে বলে জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার।

ফেনীস্থ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক লে. কর্নেল আহম্মেদ যোনায়েদ আলম খান জানান, রোববার মীর কাসেম আলীর মামলার রায় নিয়ে ফেনীতে যাতে নাশকতা সৃষ্টি না হয় সেজন্য জেলা প্রশাসক তার কাছে বিজিবি চেয়েছেন।

সে আলোকে ফেনীতে পর্যাপ্ত বিজিবির সদস্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন তারা।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সাইফুল হক জানান, শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ট্রাংক রোড, পাঠানবাড়ি রোড, শাহীন একাডেমী রোড, কুমিল্লা বাস স্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

র‌্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন জানান, র‌্যাব নিজস্ব নিয়মিত টহলের পাশাপাশি শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে কাজ শুরু করেছে।