চট্টগ্রাম নগরীতে এলাকাবাসীর উদ্যোগে সড়ক
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) সঙ্গে যৌথ উদ্যোগে আবাসিক এলাকার অভ্যন্তরীণ তিনটি সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি (বি ব্লক)।
সেবাদানকারী সরকারি সংস্থাগুলোর ওপর পুরোপুরি নির্ভরশীল না থেকে নিজ উদ্যোগে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে আসার বিষয়টি জানাতে বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়।
চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির (বি ব্লক) সভাপতি হাসান মাহমুদ চৌধুরী বলেন, “আবাসিক এলাকার সার্বিক উন্নয়নে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। কিছু প্রকল্প বাস্তবায়নও শেষের পথে। ”
সিটি করপোরেশনের সহযোগিতায় নবনির্মিত সড়ক, সমিতির সম্প্রসারিত অফিস ভবন ও ক্রীড়া কমপ্লেক্স আগামী ১ নভেম্বর সিটি মেয়র এম মনজুর আলমের উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
“আবাসিক এলাকার সড়ক তিনটি নির্মাণে সিটি করপোরেশন প্রয়োজনীয় যন্ত্রপাতি দিযে সহযোগিতা করেছে। এলাকার বাসিন্দারা ইট-বালিসহ কাঁচামালের যোগান দিয়েছেন,” বলেন হাসান মাহমুদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁন্দগাও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলম, সমিতির প্রাক্তন সভাপতি মোহাম্মদ আসাদ চৌধুরী, সমিতির সহ-সাধারণ সম্পাদক আহসানুল করিম, কার্যনির্বাহী সদস্য আবদুস সবুর, আবু তৈয়ব, রুহুল আমিন, এনামুল হাসান।
