২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘরে ঘরে চাকরি নয়, কর্মসংস্থানের কথা বলেছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালের নির্বাচনী ইশতেহারে ‘ঘরে ঘরে’ চাকরি দেওয়া নয়, কর্মসংস্থানের কথা বলেছিলেন বলে দাবি করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2014, 05:40 PM

Updated : 22 Aug 2022, 07:26 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবসের আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী “আমরা (আওয়ামী লীগ) ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলিনি, আমরা বলেছি কর্মসংস্থানের কথা।”

অনেকটা চ্যালেঞ্জের সুরেই বীরেন শিকদার এ সময় বলেন, “২০০৯ সালের নির্বাচনী ইশতেহার নিয়ে আসেন, কোথায় বলেছি ঘরে ঘরে চাকরি দেব?”

তার ভাষায়, “কথাটি প্রচার পেয়ে সবার মুখে মুখে এসে গেছে। আমাদের প্রধানমন্ত্রী চাকরি দিতে চাননি, আমরা কর্মসংস্থানের কথা বলেছি।”

আওয়ামী লীগের ওই ইশতেহারে বলা হয়েছে, “বছরে ন্যূনতম ১০০ দিনের কর্মসংস্থানের জন্য প্রত্যেক পরিবারের একজন কর্মক্ষম বেকার তরুণ/তরুণীকে কর্মসংস্থানের জন্য ‘এমপ্লয়মেন্ট গ্যারান্টি’ স্কিম পর্যায়তক্রমে কার্যকর করা হবে।”

চাকরি করতে গেলে ‘ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস থাকা লাগে’ মন্তব্য করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “যে চাকরি দেব সে অনুযায়ী যোগ্যতা লাগে। সে রকম যোগ্যতাসম্পন্ন সদস্য সব পরিবারে থাকতে পারে, নাও পারে।

“সে ধরনের ভবিষ্যদ্বাণী করাও অসম্ভব। আমরা বলেছিলাম প্রত্যেক ফ্যামিলির জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব।”

সরকার সে চেষ্টা করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, “যে ছেলেটি চাকরি পাবে না তাকে আত্মকর্মী করে দিচ্ছি। তাকে বিশেষ ট্রেড- গার্মেন্টস, মৌমাছি চাষ, কবুতর পালনের প্রশিক্ষণ দিচ্ছি।”

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অধীনে গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও বরগুনা জেলায় এ পর্যন্ত ৫৬ হাজার ৫৪ জনকে ১১টি সেবাদানকারী প্রতিষ্ঠানে দুই বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানে সংযুক্তি দেওয়া হয়েছে বলে বীরেন শিকদার জানান।

ন্যাশনাল সার্ভিসের কর্মীদের রাজস্ব খাতে নেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, অবস্থাভেদে তা করা হবে। তবে সরকার নির্ভরতা কমাতে হবে। নিজেদের যোগ্যতায় আত্মকর্মী হতে হবে।

বর্তমানে রংপুর বিভাগের সাত জেলার আটটি উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি চলছে।

যুব পুরস্কার পাচ্ছেন ১৫ জন

আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে এ বছর ১৫ জনকে ‘জাতীয় যুব পুরস্কার’ দেবে সরকার।

বীরেন শিকদার বলেন, “প্রশিক্ষিত সব যুবক ও নারীদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার জন্য ১২ জন সফল আত্মকর্মী ও তিনজন সফল যুব সংগঠককে জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে।”

আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, মন্ত্রণালয়ের সচিব নূর মোহাম্মদ ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।