রায়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন: আ. লীগ
মুক্তিযুদ্ধ চলাকালীন আল-বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল-আলম হানিফ।
বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
ফাইল ছবি
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। জনগণের প্রত্যাশিত রায় জাতিকে কলঙ্কমুক্ত করার পথে আরেক ধাপ এগিয়ে গেল।
“জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতিকে কলঙ্কমুক্ত করা হবে।”
নিজামীর বিরুদ্ধে একাত্তরে হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়েছে। এর মধ্যে চারটিতে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অন্য চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।
এ রায়ের মধ্য দিয়ে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছে প্রসিকিউশন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন, রায়ে ন্যায়বিচার পাননি তাদের মক্কেল।
