২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুর্ঘটনায় দুজনের মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন এবং নির্মাণাধীন একটি ভবনের নয়তলা থেকে পড়ে মারা গেছেন এক রডমিস্ত্রি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 05:25 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, সোমবার সকালে ও দুপুরের দিকে খিলগাঁও ও পল্টনে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- বিদ্যুৎকর্মী মো. শফিকুল ইসলাম (৪০) এবং রড মিস্ত্রি মো. আফজাল হোসেন (২৪)।

শফিকুলকে বেলা আড়াইটার দিকে এবং আফজালকে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শফিকুল শ্যামপুর বিদ্যুৎ অফিসের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন তার ভাগ্নে আরিফুর।   

স্বজনদের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  

মোটর সাইকেল আরোহী শফিকুলের সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগে। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয় তার।  

এর আগে সকালের দিকে পল্টন মোড়ে রয়েল প্লাজার কাছে নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে পড়ে গেলে রড মিস্ত্রি আফজালকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।