২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে স্কুলছাত্র হত্যায় প্রতিবেশীর মৃত্যুদণ্ড

নাটোরের সিংড়া উপজেলায় আট বছর আগে এক স্কুলছাত্রকে হত্যার মামলায় তাদের এক প্রতিবেশীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 05:07 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

সোমবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিবুল ইসলাম এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই জানান, রায় ঘোষণার সময় আসামি আব্দুল মজিদ আদালতে উপস্থিত ছিলেন। ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন বিচারক।

২০০৬ সালে সিংড়ার বড় সাঁঐল গ্রামের মইনুল ইসলামের ছেলে আশিক হোসেন নিহত হয়, ওই সময় সে নবম শ্রেণির ছাত্র ছিল। সাজাপ্রাপ্ত মজিদ তাদের প্রতিবেশী।

মামলার নথি থেকে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে আব্দুল মজিদ স্থানীয় বুদরা বাজারে কিশোর আশিককে প্রকাশ্যে গলা কেটে হত্যা করে। এরপর আশিকের বাবা বাদী হয়ে সিংড়া থানায় হত্যা মামলা করেন।

আইনজীবী আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায় ঘোষণার পর আসামি নিজেকে নির্দোষ দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।