২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাশকতার পর সাতক্ষীরায় আত্মগোপনের চিন্তা’ 

বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার হুজির চার নেতা নাশকতা ঘটিয়ে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গোলাম মুজতবা ধ্রুব

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 11:34 PM

Updated : 25 Apr 2022, 04:52 PM

তবে সাতক্ষীরায়ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে তাদের ভাবনায় দ্রুত সীমান্ত পেরিয়ে ভারতে চলে যাওয়ার চিন্তা ছিল  বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) চার নেতাকে ছয় দিনের রিমান্ডে পাওয়ার পরদিন রোববার নিজের কার্যালয়ে কয়েক সাংবাদিকের সঙ্গে একান্ত আলাপে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি বলেন, “এই জঙ্গিরা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ রাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর হামলা করার পরিকল্পনা করেছিল। এজন্য তারা একটি তালিকা প্রস্তুত করেছিল।

“হামলার পর সাতক্ষীরায় আগ্মগোপনে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। সেখানেও পুলিশ সন্ধান পেলে তারা ভারতে পালিয়ে যাবার কথাও ভেবেছিল। সেদেশে পালিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ হত। বিপদে তাদের আশ্রয় দেওয়ারও আশ্বাস দিয়েছিল তারা।”

হরকাতুল জিহাদের এই সদস্যরা হলেন- মো. রফিক আহমেদ ওরফে সাজিদ (৩৪), মো. উমর ওরফে ফয়জুল ওরফে রবি (২৫), মো. নাদিম আহমেদ ওরফে সুমন (৩০) ও মো. সালাউদ্দিন আহমেদ (২৯)।

বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর উত্তরা, টিকাটুলি ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

শনিবার আদালতে হাজির করে ওয়ারি থানার দুই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চাইলে তাদের ছয় দিন রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

ভারতীয় জঙ্গিদের সঙ্গে যোগাযোগের কথা তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন জানিয়ে মনিরুল ইসলাম বলেন, “ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যগত মিল থাকায় তারা ভারতীয় জঙ্গিদের সঙ্গে এক হয়ে আন্তঃদেশীয় নেটওয়ার্ক গড়ে তোলে। পাকিস্তানেও তাদের মতাদর্শের লোকেরা কাজ করে যাচ্ছে বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”

২১ অগাস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার আসামি কারাবন্দি মুফতি আবু জাফর ওরফে আবু সাইদ কারাগারে বসেই তাদের নেতৃত্ব দিতেন বলে জানান তিনি।

“সাজিদ ও রবি আত্মীয় পরিচয়ে কখনো আদালত চত্বরে, কখনো কারাগারে আবু জাফরের সঙ্গে দেখা করতো। আবার কখনো চিরকুটে তার কাছ থেকে সংগঠন পরিচালনার নির্দেশনা পেত,” বলেন তিনি। 

মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশের দুই ব্যবসায়ী তাদের অর্থায়ন করছেন বলে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন।

তবে তদন্তের স্বার্থে ওই ব্যবসায়ীদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।

এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, বাংলাদেশে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনকে একই প্লাটফর্মে এনে কোন দেশের কোথাও ‘কথিত জিহাদে’ অংশ নিতে কর্মী সরবরাহের পরিকল্পনাও তাদের ছিল।

ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যোগাযোগ এবং বর্ধমানের বিস্ফোরণের ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পুরনো খবর:

হুজির চারজন রিমান্ডে