‘অজ্ঞান পার্টির’ খপ্পরে প্রাণ দিলেন ব্যবসায়ী
ব্যবসার কাজে ঢাকায় এসে প্রতারক চক্রের কবলে পড়ে প্রাণ হারালেন অরবিন্দ রায় (৪৬) নামের এক তুলা ব্যবসায়ী।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হায়দার আলী জানান, বৃহস্পতিবার রাতে মতিঝিল থেকে টঙ্গী যাওয়ার পথে বাসে ‘অজ্ঞান পার্টির’ কবলে পড়েন অরবিন্দ।
“চেতনানাশক খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়ায় তাকে হাসপাতালে আনা হয়েছিল।”
শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় অরবিন্দর মৃত্যু হয় বলে উপ-পরিদর্শক হায়দার জানান।
অরবিন্দর স্ত্রী স্বপ্না রায় জানান, তারা টঙ্গীর কলেজগেইট এলাকার শফিউদ্দিন রোডে থাকেন।
“অরবিন্দ একসময় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল। এলাকায় তুলার ব্যবসা করার পাশাপাশি দৈনিক যুগান্তর, সমকাল ও বণিক বার্তাসহ বিভিন্ন পত্রিকায় জনদুর্ভোগ নিয়ে কলামও লিখতো।”
অরবিন্দ রায়ের বাড়ি রংপুর জেলার কাউনিয়ায়। এই দম্পতির মেয়ে অদিতি রায় (১৩) ও ছেলে অনিন্দ কথন রায় (১১) টঙ্গীর শফিউদ্দীন একাডেমীর ষষ্ঠ ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী । আর ছোট ছেলে আদিত্য মুকুটের বয়স দুই বছর।
