জাবিতে ফেলো হলেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের শিক্ষক
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের সহযোগী অধ্যাপক লিসা জোন্স এনজেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখায় ফুলব্রাইট স্কলারশিপ ফেলো হিসেবে যোগ দিয়েছেন।
তিনি আগামী পাঁচ মাস বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজের সঙ্গে বিপন্ন প্রায় বন্যপ্রাণী এবং বন্যপ্রাণী থেকে মানব দেহে জীবাণু সংক্রমণের ধারা বিষয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করবেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লিসা জোন্স বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উপাচার্য ফারজানা ইসলাম গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করায় লিসা জোন্সকে ধন্যবাদ জানান এবং গবেষণায় তার সাফল্য কামনা করেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল হোসেন, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা ফিরোজ এসময় উপস্থিত ছিলেন।
