ঝালকাঠীতে আকস্মিক বাস ধর্মঘটে দুর্ভোগ
মহাসড়কে ব্যাটারিচালিত রিকশাসহ সব অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ঝালকাঠীতে হঠাৎ করে অনির্র্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা।
শুক্রবার দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে ঝালকাঠী থেকে ১২টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
তবে বাস-মিনিবাস বন্ধ থাকলেও ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করছে।
ঝালকাঠী বাস ও মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি মাহবুবুল হক দুলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে সরকারি ঘোষণার পরও ঝালকাঠীর বিভিন্ন রুটে ব্যাটারিচালিত রিকশা, নসিমন-করিমন এবং মাহেন্দ্র চলছে।
ঝালকাঠী বাস শ্রমিক সমিতির সভাপতি বাহাদুর চৌধুরী জানান, কয়েকদিন আগে একবার এবং বৃহস্পতিবার দ্বিতীয়বার বাস মালিক-শ্রমিকরা মহাসড়কে অবৈধ যান চলাচলের পরিস্থিতি দেখতে গেলে ব্যাটারিচালিত রিকশার শ্রমিকরা তাদের ওপর হামলা করে।
“এছাড়া স্থানীয় প্রভাবশালী অটোরিকশা শ্রমিকরা বাস মালিক-শ্রমিকদের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে।”
ঝালকাঠী বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ-আলম বলেন, “অবৈধ যানবাহনের জন্য চরম লোকসান দিয়ে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। তাছাড়া বাস মালিক ও শ্রমিকের উপর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
“এ ব্যাপারে আমারা মামলা করার প্রস্তুতি নিয়েছি।”
