মালয়েশিয়াগামী ১০ যাত্রী আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ১০ যাত্রীকে আটক করেছে বিজিবি। এ সময় দুই দালালকেও আটক করা হয়।
বৃহস্পতিবার ভোরে সদর ইউনিয়নের রাজারছড়া থেকে আট জন ও হ্নীলা ইউনিয়নের লেদা শরনার্থী ক্যাম্প থেকে দুই জনকে আটক করা হয়।
অভিযান চলাকালে এক দালাল পালিয়ে গেলেও তাদের দুই সঙ্গীকে আটক করা হয়।
টেকনাফ বিজিবি ৪২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদ পেয়ে রাজারছড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ দালাল ও ৮ মালয়েশিয়াগামীকে আটক করা হয়।
বিজিবি কর্মকর্তা জানান, আটক দুই দালাল রাজারছড়ার আমীর হামজার ছেলে রশিদ আহমদ (৬০) ও তার ছেলে মোহাম্মদ হোসেনকে (২০) টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
পলাতক দালাল হলেন রাজারছড়া এলাকার আবদুল হালিমের ছেলে ইমান হোসেন (২৫)। মামলায় তিন দালালকেই আসামি করা হয় বলে তিনি জানান।
মালয়েশিয়াগামী যাত্রীরা হলেন টাঙ্গাইলের মখরকলের আশরাফ আলী (২৭), লিটন মিয়া (২০), রাসেল মিয়া (১৯), কক্সবাজারের উখিয়ার ইনানীর মোহাম্মদ আলম ভুট্টো (২৮), সোনাপাড়ার মো. আলম মিয়া (২২), আবদুল হামিদ (২৪), শকির আলম (২৫), মো. আহসান (২৮), উখিয়ার কুতুপালং এলাকার আবদুল আমীন মিয়া (২৩) ও মঞ্জুরুল ইসলাম (১৯)।
