সাইবার অপরাধের মামলায় এক শিক্ষক খালাস
সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে তা প্রচারের অভিযোগে সাইবার অপরাধের এক মামলায় খালাস পেয়েছেন খুলনার রূপসা উপজেলার এক স্কুলশিক্ষক।
গাজী বেলাল উদ্দিন আহম্মেদ (৩৫) নামে ওই ব্যক্তি রূপসার বেলফুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি রূপসা থানার খান মোহাম্মদ গ্রামের গাজী জালাল উদ্দিন আহম্মেদের ছেলে।
তাকে ২০১৩ সালের ২২ এপ্রিল বেলালকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন রূপসা থানার এসআই মিজানুর রহমান।
চলতি বছরের ১৪ এপ্রিল বেলালের বিরুদ্ধে অভিযোগ গঠন করে রাজধানীতে স্থাপিত বাংলাদেশের একমাত্র সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।
১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল ইসলাম আসামির উপস্থিতিতে তাকে খালাসের এই রায় দেন।
আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছিল, বেলালকে আটকের সময় তার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। এতে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যক্তির অশ্লীল কার্টুন ও কুরুচিপূর্ণ ছবি পাওয়া যায়, যা তিনি জনসমক্ষে প্রদর্শন করছিলেন।
এটি এই ট্রাইব্যুনালের পঞ্চম রায়। এর আগে গত জুন, জুলাই ও সেপ্টেম্বরে আরও চারটি মামলার রায় হয়।
এ ট্রাইবুনালে বিচারাধীন বেশির ভাগ মামলাই ফেইসবুক, বিভিন্ন ব্লগ ও অনলাইনে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে লেখা ও ছবি প্রকাশের অভিযোগে দায়ের করা মামলা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলায় এই আদালতে বিচারের অপেক্ষায় রয়েছে।
