২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের রিমান্ড শুনানির দিন পেছালো

আদালতে বোমার হামলার হুমকির তল্লাশিকালে ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ইলিয়াসকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানির দিন পিছিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 07:30 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদুল আলম আগামী রোববার রিমান্ডের শুনানির দিন রেখেছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের সহকারী পরিদর্শক নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তার পাঁচদিনের রিমান্ড আবেদন করেছিলেন। 

পুলিশ কর্মকর্তা নির্মলেন্দু বিকাশ বলেন, গ্রেপ্তারের সময় ইলিয়াসের সঙ্গে থাকা মোবাইল ফোন জব্দ না করায় মামলার তদন্ত কর্মকর্তা এবং কোতয়ালী থানার ওসিকে কারণ দর্শাতে বলেছে আদালত।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালত ভবন এলাকা থেকে ৫৭ লাখ ৯৩ হাজার টাকাসহ গ্রেপ্তার হন ব্রাক্ষণবাড়িয়ার কসবা এলাকার বাসিন্দা মো. ইলিয়াস।

বুধবার ইলিয়াসকে আদালতে হাজির করে টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে জানতে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন রেখে ইলিয়াসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

জেএমবি সদস্য পরিচয় দিয়ে এক আইনজীবীর মোবাইল ফোনে জেএমবি সদস্য পরিচয় দিয়ে আদালত ভবন উড়িয়ে দেয়ার হুমকির পর তল্লাশি চলাকালে কাপড়ের থলেতে করে নিয়ে যাওয়ার সময় এসব টাকা ধরা পড়ে।

আদালত ভবন এলাকায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ও অবস্থিত।

অভিযোগ রয়েছে, জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় এসব টাকা যাচ্ছিল।

গ্রেপ্তারের পর থেকে ইলিয়াস এসব টাকা নিজের বলেও দাবি করেনি এবং কেউই এর দাবিদার হিসেবে পুলিশের কাছে আসেনি।

এ ঘটনায় এলএ শাখার কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ ওটার পর মঙ্গল ও বুধবারে মোট ১২ কর্মচারীকে বদলি করা হয়েছে।