২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে ভেজাল: পারিবারিক চাষাবাদের পক্ষে বিশিষ্টজনরা

অপুষ্টি ও ভেজাল খাবারের ‘আগ্রাসন’ থেকে রক্ষা পেতে পারিবারিকভাবে চাষাবাদের পক্ষে মত দিয়েছেন চট্টগ্রামে এক আলোচনায় উপস্থিত বিশিষ্টজনরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 06:37 PM

Updated : 13 Oct 2022, 12:41 PM

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম সার্র্কিট হাউজে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা কারিতাসের সহযোগিতায় জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর এই সভার আয়োজন করে।

বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘পারিবারিক কৃষি: প্রকৃতির সুরক্ষা, সবার জন্য খাদ্য’। 

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, কৃষকের কাছে সার সহজলভ্য করায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

“চাল, গম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা এলেও পেঁয়াজ, রসুন ও ডালের প্রত্যাশিত উৎপাদন এখনও হচ্ছে না। পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে এখন থেকে এসব উৎপাদনে মনোযোগী হতে হবে।

“এজন্য পারিবারিক কৃষির কোনো বিকল্প নেই। একমাত্র ‍পারিবারিক কৃষির মধ্যেই পরিবারের চাহিদার সঙ্গে উৎপাদনে একটি ভারসাম্য থাকে।”

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হোসেইন বলেন, “বন্যা, খরা, ঘূর্ণিঝড় এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে একমাত্র কৃষকদের কারণে। এখন থেকে পারিবারিক কৃষির মাধ্যমে কৃষি উৎপাদনে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।”

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল হাই জানান, অপুষ্টির কারণে বাংলাদেশের ৪১ শতাংশ শিশু খর্বাকৃতির হচ্ছে। শিশুর অবিকশিত মেধার বৈশ্বিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার। বিশ্বে ৮ দশমিক ৫ মিলিয়ন মানুষ ক্ষুধার শিকার।

“পৃথিবীর উৎপাদিত খাদ্য দিয়ে সব মানুষের ক্ষুধা নিবারণ সম্ভব। কিন্তু তা সম্ভব হচ্ছে না একমাত্র খাদ্য ব্যবস্থাপনার কারণে।”

জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব প্রাণিজ আমিষের ঘাটতি পূরণে মাছের উচ্ছিষ্টকে উপ-খাদ্য হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন।

চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে কারিতাসের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।