চট্টগ্রামে আয়ুর্বেদিক কারখানা সিলগালা
চট্টগ্রামের কালামিয়া বাজারে একটি অনুমোদনহীন আয়ুর্বেদিক ওষুধ তৈরির কারখানা সিলগালা করে এর পরিচালককে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান পরিচালিত আদালত জনতা আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালস বন্ধ করে দেয়।
ওই প্রতিষ্ঠানের পরিচালক জুয়েল পালকে (২৮) ছয়মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোম্পানিটি কোনো ধরনের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করে আসছিল। নানা সময়ে প্রতিষ্ঠানটি নিজেদের রক্ষার জন্য ঠিকানা বদল করেছে। প্রতিষ্ঠানটির কোনো লাইসেন্সও নেই।”
গত দেড় বছর ধরে কালামিয়া বাজারে এই কারখানায় ওষুধ তৈরি করে তা বাজারজাত করা হচ্ছিল।
