২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবার আওতা বাড়াতে চায় দুই সংস্থা

চট্টগ্রাম নগর স্বাস্থ্য প্রকল্প ও সূর্যের হাসি ক্লিনিক প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে অতি দরিদ্রদের স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা দিতে চায় আন্তর্জাতিক সংস্থা ডিএফআইডি ও ইউএসএআইডি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 10:14 PM

Updated : 25 Apr 2022, 04:49 PM

বুধবার চট্টগ্রামে সংস্থা দুটির কর্মকর্তারা সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আগ্রহের কথা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কিংডম’স ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এর আবাসিক প্রতিনিধি সারাহ কুক এবং দি ইউনাইটেড স্টেটস্‌ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এর ডেপুটি মিশন ডিরেক্টর পল ‍সাবাটিন।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শনকালে সংস্থা দুটির প্রতিনিধিরা স্বাস্থ্য সেবা গ্রহীতাদের সঙ্গে মত বিনিময় করেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে ইউএসএআইডি’র ডেপুটি মিশন ডিরেক্টর পল সাবাটিন বলেন, "ইউএসএআইডি ও ডিএফআইডি যৌথভাবে বাংলাদেশ সরকারের সাথে একযোগে সূর্যের হাসি প্রকল্পকে নিয়ে যাবে সফলতার এক নতুন চূড়ায়। এর ফলে আরো লাখ লাখ নারী ও শিশু ‍পাবে অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা।"

ডিএফআইডি’র আবাসিক প্রতিনিধি সারাহ কুক বলেন, "নগর স্বাস্থ্য প্রকল্প ও সূর্যের হাসি ক্লিনিক প্রকল্পে অংশগ্রহণেল মাধ্যমে আমরা বাংলাদেশে স্বল্পমূল্যে অতি দরিদ্রদেরকে স্বাস্থ্যসেবার আওতায় আনতে চাই।

"এ উদ্যোগের ফলে অতি দরিদ্র পরিবারগুলো তাদের কষ্টার্জিত অর্থ বিসর্জন দেয়া অথবা পরিবারের কোনো সদস্যকে হারানোর মত অবস্থায় ঠেলে দিবে না। কমিউনিটি পর্যায়ে সমন্বিত মাতৃস্বাস্থ্য সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে সূর্যের হাসি ক্লিনিক প্রকল্প একটি অনন্য উদাহরণ।"

সংবাদ সম্মেলনে জানানো হয়, সূর্যের হাসি নেটওয়ার্কের আওতায় সাস্থ্যসেবা আরও সম্প্রসারিত করতে ইউএসএআইডি ও ডিএফআইডি একযোগে কাজ করছে।

ইউএসএআইডি’র এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্টের আওতায় ৫৪ মিলিয়ন ডলারের সঙ্গে ডিএফআইডি এতে আরও ২৯ মিলিয়ন ডলার দিয়েছে।

এরফলে সূর্যের হাসি ক্লিনিকগুলোর মাধ্যমে আরও লাখ লাখ মানুষের কাছে মৌলিক স্বাস্থ্যসেবা বিশেষ করে নগর এলাকার গরীব ও সেবাবঞ্চিত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা দিতে সামর্থ্য অর্জন করবে।

অনুষ্ঠানে বলা হয়, 'সূর্যের হাসি' ২৬টি এনজিওর তত্ত্বাবধানে সারাদেশে ৩৩৪ টি ক্লিনিক ও ছয় হাজার ৬৬৬ জন স্বাস্থ্যকর্মীর মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবার আওতায় প্রতিবছর প্রায় ২৩ মিলিয়ন মানুষকে স্বাস্থসেবা দেয়া হয়।

এছাড়া বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাত উন্নয়নের উদ্দেশে ইউকেএইড আগামী পাঁচ বছরের জন্য ৯০ মিলিয়ন ডলার দিচ্ছে। সরকার ও উন্নয়ন সহযোগীদের মাধ্যমে ইউকেএইড পাঁচ লাখেরও বেশি নারীকে প্রসব এবং ১৩ লাখ পরিবারকে পরিকল্পিত পরিবার গড়ে তোলার ব্যাপারে সেবা দিবে।